রাজিব আহমেদ:
মোহনা টেলিভিশনের সিইও তসলিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রিয়াজ উদ্দীন, কামরুল, আবুল কালাম আজাদ, আবদুল আজিজ, আবদুল আউয়াল মুন্না, রানা সওর, মো. ওয়াসিম ও মো. সাইদুর রহমান সুমনসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মামলায় জড়ানো মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষায় আন্তরিক। বক্তারা বলেন, সরকার ও গণমাধ্যম একে অপরের প্রতিপক্ষ নয়, বরং গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে পারে। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, নিরপেক্ষ তদন্তে সত্য বেরিয়ে আসবে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, মামলাটি নিরপেক্ষভাবে পুনর্মূল্যায়ন করে তসলিম চৌধুরীকে দ্রুত মুক্তি দেওয়া হোক। তাঁরা আরও বলেন, কোনো অভিযোগ থাকলে তা স্বচ্ছ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে পল্লবী থানা-পুলিশ তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গত ১ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে তিনি উসকানি দিয়েছেন। তবে আয়োজকরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।