মো. আরাফাত হোসেন (বনি):
সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন সমাজকর্মী মো. মিজানুল হক মিতু।
গত ২৮ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ আনুষ্ঠানিকভাবে এই ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ এবং অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদ মো. মিজানুল হক মিতুর হাতে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, বুদ্ধিজীবী ও গুণীজনরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।
সম্মাননা গ্রহণের পর এক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. মিজানুল হক মিতু বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দেয়। সমাজকল্যাণের যে ব্রত নিয়ে আমি কাজ করছি, এই সম্মাননা সেই পথচলায় আমাকে আরও সাহসী ও অনুপ্রাণিত করবে। এমন একটি সুন্দর আয়োজনের মাধ্যমে গুণীজনদের সম্মানিত করার জন্য আমি দৈনিক স্বাধীন সংবাদ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে বিভিন্ন স্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।