Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৪ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে বুধবার রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৮ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানির মোটর চুরি হয়। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করে মো. ওয়াজেদ হাজীর ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় শংকরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে ১৫ আগস্ট ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।

র‍্যাবের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *