নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে চুরি-প্রতারণার অভিযোগ মোবারকের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে চুরি ও প্রতারণামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে প্রবেশ করে চুরির অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোবারক হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনগঞ্জের শান্তিনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের ছেলে। তিনি মদনগঞ্জ শান্তিনগরের মুক্তিযোদ্ধা নিবাসে স্ত্রী ও বোনের সঙ্গে বসবাস করেন। তাঁর বড় ভাই বাবুল হোসেন সিদ্ধিরগঞ্জের শান্তিনগর চৌধুরী বাড়ি এলাকায় থাকেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মোবারক হোসেন নিজেকে নারায়ণগঞ্জ শহরের জসিমের মালিকানাধীন ‘একতা সাইন’ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, কাজের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় প্রবেশ করে সুযোগ বুঝে চুরিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, চুরি ও মাদকাসক্তির অভিযোগে প্রায় দুই বছর আগেই তাঁকে ‘একতা সাইন’ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

ভুক্তভোগী সেলিনা মেমোরিয়াল হাসপাতালের মালিকপক্ষের অভিযোগ, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টার দিকে মোবারক হাসপাতাল থেকে একটি মই, একটি প্লাস এবং ২৪ ফুট লম্বা একটি লাইটিং সাইনবোর্ড নিয়ে যান। এর কয়েক দিন আগে রাতের আঁধারে একই হাসপাতালের চারটি এসির পাইপ ও বৈদ্যুতিক তারও চুরি হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার একটি প্রিন্টিংয়ের দোকান থেকে চুরি হওয়া মইটি উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত মোবারকের মদনগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া প্লাসটিও উদ্ধার করেন ভুক্তভোগীরা। তবে ২৪ ফুট লম্বা লাইটিং সাইনবোর্ড, এসির পাইপ ও বৈদ্যুতিক তার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীদের দাবি, মোবারক চুরির বিষয়টি স্বীকার করে বাকি মালামাল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো মালামাল ফেরত না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা করছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের আশঙ্কা, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *