স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, অতিথিদের মাঝে টি-শার্ট উপহার এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে নলছিটি ভেন্ডার সড়কে অবস্থিত দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধির নিজস্ব সাংবাদিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীপ্ত টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের আলিম (এইচএসসি) পরীক্ষায় নলছিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নলছিটি ইসলামি ফাজিল মাদরাসা থেকে একমাত্র জিপিএ-৫ (এ+) অর্জনকারী শিক্ষার্থী ফাহমিদা জাহানকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিদের মাঝে দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেওয়া হয়।
পরে দীপ্ত টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক মোবারক হোসেন সিজার। তিনি দীপ্ত টেলিভিশনের সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করেন। সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ বলেন, দীপ্ত টেলিভিশন গণমানুষের কথা বলে। ভবিষ্যতেও টেলিভিশনটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও দীপ্ত টেলিভিশনের ১১ বছরের পথচলাকে গণমাধ্যমের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে টেলিভিশনটি দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।