নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ইসলামী ব্যাংকের মধ্যে রাজস্ব সংগ্রহ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের রাজস্ব (রেভিনিউ) সংগ্রহ কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির ফলে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, স্থাপনা ভাড়া ও অন্যান্য রাজস্ব আদায় কার্যক্রম ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও সহজ ও স্বচ্ছ হবে। এতে নাগরিকদের ভোগান্তি লাঘব হবে এবং রাজস্ব সংগ্রহে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুব আলম বলেন:

“নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি আধুনিক ও স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে কাজ করছে। রাজস্ব ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে ইসলামী ব্যাংকের সাথে এই সমঝোতা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর একটি উদ্যোগ।”

প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন:

“জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে নগর উন্নয়ন আরও টেকসই হবে। ইসলামী ব্যাংকের সাথে এই সমঝোতা নগরবাসীর জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান বলেন:

“ইসলামী ব্যাংক সবসময় উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশীদার হতে আগ্রহী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে এই সমঝোতার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা আমাদের জন্য সম্মানের।”

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *