Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮ - দৈনিক স্বাধীন সংবাদ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮

আন্তর্জাতিক ডেস্ক ::

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে স্বজনরা ওই তালিকা থেকে তথ্য নিয়ে মরদেহ শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। উদ্ধার অভিযানের পাশাপাশি তারা ত্রাণ বিতরণ এবং উদ্ধার হওয়া মরদেহ সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজও করছেন।

এদিকে, বন্যাকবলিত এলাকা থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলছে। এ কাজে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সহযোগিতা করছে।

গত বুধবার সকালে ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার পানির তীব্র স্রোতের সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকাগুলোতে নেমে আসে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগের ছয় দিন পেরিয়ে গেলেও এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের ভাগ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *