Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নেপালে ফের আকস্মিক বন্যার শঙ্কা, নতুন কৃত্রিম লেক নিয়ে চীনের সতর্কতা - দৈনিক স্বাধীন সংবাদ

নেপালে ফের আকস্মিক বন্যার শঙ্কা, নতুন কৃত্রিম লেক নিয়ে চীনের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে তৈরি হওয়া একটি কৃত্রিম লেক যেকোনো সময় ভেঙে গিয়ে ব্যাপক বন্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে চীন।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে তৈরি হওয়া কৃত্রিম লেকটি ইতোমধ্যে পানিতে পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল পর্যন্ত লেকটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমা হয়েছিল। আগামী দুই থেকে তিন দিনে সেখানে আরও বিপুল পরিমাণ পানি জমতে পারে। এতে যেকোনো সময় লেকটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য বন্যার গতিপথ ও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের পাশাপাশি জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে নদী দুটি একত্রিত হয়ে যায়। নেপালে এই নদীটি ভোটেকোশি নামে পরিচিত। ভোটেকোশি নদী ত্রিশূলি নদীর অন্যতম প্রধান উজান শাখা।

এর আগে বুধবার ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নদীর আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়। পানির তীব্র স্রোত ও কাদার কারণে নদীতীরবর্তী বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়।

এই বন্যায় এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় দেড় হাজার মানুষ। দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এক বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার আগেই নতুন কৃত্রিম লেক ভেঙে যাওয়ার আশঙ্কায় নেপালে উদ্বেগ আরও বেড়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *