পপিকে সিনেমায় ফেরার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে বড় পর্দার বাইরে রয়েছেন। ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় থেকে দূরে আছেন তিনি। এবার এই অভিনেত্রীকে আবারও সিনেমায় ফেরার আহ্বান জানিয়েছেন তাঁর প্রথম সিনেমা ‘কুলি’র গীতিকার মিল্টন খন্দকার।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটিতে ব্যবহৃত ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির কথা লিখেছিলেন মিল্টন খন্দকার এবং সুর করেছিলেন আলম খান।

সম্প্রতি গানটি লেখার পেছনের গল্প তুলে ধরেছেন গীতিকার মিল্টন খন্দকার। তিনি জানান, গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকাকে মাথায় রেখে তিনি কথা লেখেননি। সিনেমায় নায়ক-নায়িকাকে বিশেষভাবে উপস্থাপনের ভাবনা থেকেই গানটির কথায় তুলনা টেনেছিলেন তিনি।

মিল্টন খন্দকার বলেন, “গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকার কথা মাথায় ছিল না। সিনেমায় আমরা নায়ক-নায়িকাকে যখন উপস্থাপন করি, তখন তাঁদের অন্যদের চেয়ে সেরা বলার চেষ্টা করি। ঠিক যেমন, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এ গানেও আমি মেয়ের চরিত্রটাকে ওইভাবে তুলনা করেছি যে, তুমি এত কিছুর মধ্যেও অনন্য।”

গীতিকার জানান, সিনেমার শুটিং চলাকালে একদিন সেটে গিয়ে পপিকে দেখেন তিনি। অভিনেত্রীকে দেখে তাঁর মনে হয়েছিল, গানটির কথার সঙ্গে পপির সৌন্দর্য যেন মিলে গেছে। তাঁর ভাষায়, “পপিকে দেখে আমার মনে হলো, মেয়েটা তো সত্যিই চাঁদমুখের একটা মেয়ে। চাঁদের মতো সুন্দর। এভাবেই কথাগুলো মাথায় এসেছে। কিন্তু তখনো ভাবিনি, গানটা এ পর্যায়ে চলে যাবে।”

পপির অভিনয়েরও প্রশংসা করেন মিল্টন খন্দকার। দীর্ঘদিন ধরে বড় পর্দায় তাঁর অনুপস্থিতিকে চলচ্চিত্রশিল্পের জন্য ক্ষতি বলে মনে করেন তিনি।

পপিকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানিয়ে এই গীতিকার বলেন, “আমি মনে করি, পপি বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী। সে সিনেমা থেকে দূরে থাকা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আমি তার অভিনয়ের ভীষণ ভক্ত। আশা করব, তিনি আবারও ফিরে আসবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *