অনলাইন ডেস্ক:
ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, লোকসভায় পাশাপাশি বসার সময় সকাল ১১টার দিকেও ভগবন্ত মানের নিঃশ্বাসে মদের গন্ধ পেতেন তিনি। রাহুলের এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আম আদমি পার্টি (আপ)।
বুধবার (৪ নভেম্বর) পাঞ্জাবের সাংরুরে কংগ্রেসের ‘ইনসাফ সমাবেশে’ বক্তব্য দেওয়ার সময় ভগবন্ত মানকে উদ্দেশ করে এসব কথা বলেন রাহুল। তিনি জানান, লোকসভায় ভগবন্ত মান তাঁর পাশে বসতেন। সে সময় তাঁকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে।
রাহুলের দাবি, সকাল ১১টার সময়ও ভগবন্ত মানের নিঃশ্বাসে মদের গন্ধ পাওয়া যেত। তবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
রাহুল বলেন, কেউ মদ্যপান করবেন কি না, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ, রাজ্যে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁর।
কংগ্রেস নেতা আরও বলেন, যার বিরুদ্ধে দিনের বেলাতেই মদ্যপ থাকার অভিযোগ উঠছে, তাঁর পক্ষে মাদকাসক্তির বিরুদ্ধে কার্যকর লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কঠিন। পাঞ্জাবকে মদ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি মাদকাসক্ত মানুষের কষ্ট বুঝবেন এবং রাজ্যবাসীর পাশে দাঁড়াবেন।
রাহুলের বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানায় আম আদমি পার্টি। দিল্লিতে দলটির সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধেও মাদক সেবনের অভিযোগ উঠেছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সত্য প্রমাণিত হয় না।
তিনি আরও বলেন, রাহুলের মতো একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। বিজেপি ও কংগ্রেসের কাছে পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বিশেষ আগ্রহ নেই; বরং তাদের মূল লক্ষ্য পাঞ্জাবকে আক্রমণ করা। রাহুলের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও ইঙ্গিত দেন তিনি।
পাঞ্জাবের সমাবেশে শুধু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন রাহুল গান্ধী। মাদক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে শাহের দেওয়া তিন বছরের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আগামী তিন বছর পর অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।