নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধন ও উৎসব পরিবহনে ৫৫ টাকার ভাড়া বাড়িয়ে ৬০ টাকা আদায় করা হচ্ছে। তবে বাসভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি হয়নি।
বাস মালিকপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো স্বাভাবিক। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রয়োজনের তুলনায় কম ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনে ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। অন্যান্য পরিবহনেও ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।
আলমগীর হোসেন নামে এক যাত্রী বলেন, ‘প্রতিদিনই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করি। অন্যদিন ৫৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা যাই। আজ মঙ্গলবার সকালে কাউন্টারে এসে দেখি ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। কাউন্টারের লোকজন বলছে, তেলের দাম বাড়ানোর কারণে ভাড়া বাড়ানো হয়েছে।’
এদিকে বিআরটিএ সূত্র জানায়, বাসভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব ইতোমধ্যে করা হয়েছে।
বন্ধন পরিবহনের পরিচালক সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সে হিসেবে বাসের ভাড়া বাড়ানো স্বাভাবিক। তবে সবসময় চেষ্টা করি যাত্রীদের সুবিধা দিতে। যতটুকু ভাড়া বাড়ানো প্রয়োজন, ঠিক তত টাকাই বাড়ানো হয়েছে। কখনো অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না।’
নারায়ণগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার বলেন, ‘শুধুমাত্র বন্ধন ও উৎসব পরিবহনে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে। বাস মালিকপক্ষ এটি করেছে এবং এ বিষয়ে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। কেন্দ্রীয়ভাবে বাসভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তাই আমাদের সমিতির পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে তেলের দাম ২০ টাকা বাড়ানোর ফলে পরিবহন চালানো কঠিন হয়ে পড়েছে। গতকাল ভর্তুকি দিয়ে আগের ভাড়ায় বাস চালানো হলেও সরকার থেকে এখনো কোনো প্রজ্ঞাপন না হওয়ায় বাস মালিকরা নিজেদের মতো করে নতুন ভাড়া নির্ধারণ করেছেন। আশা করছি, আগামীকালের মধ্যে নতুন ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপন জারি হবে। তখন ভাড়া নিয়ে এই জটিলতা থাকবে না।’
নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমি সকালে বাসভাড়া বৃদ্ধির বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।’
নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাস মালিকরা আমাকে ভাড়া বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন। তারা বলছিলেন, একদিন ক্ষতিপূরণ দিয়ে বাস চালিয়েছেন। আমি বলেছি, এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। প্রজ্ঞাপন জারির পর বাসভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির বলেন, ‘বিষয়টি শুনেছি। তেলের দাম বাড়ানোর কারণে হয়তো ভাড়া বাড়ানো হয়েছে। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। পরবর্তীতে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হলেও সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা নয়।