মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহামুদ গিয়াস উদ্দিনের পক্ষে ফতুল্লায় গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার ফতুল্লা থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে ইসদাইর এলাকায় শুরু হওয়া এই গণসংযোগে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের রাজনৈতিক জীবন ও এলাকার উন্নয়নে তার ভূমিকা তুলে ধরেন।
গণসংযোগকালে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন একজন পরিচ্ছন্ন, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। তিনি সংসদ সদস্য থাকাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
নেতাকর্মীরা আরও বলেন, বর্তমান সময়ের রাজনীতিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। মোহাম্মদ গিয়াস উদ্দিন সেই ধরনের একজন পরীক্ষিত নেতা, যিনি ক্ষমতার অপব্যবহার না করে জনগণের কল্যাণে কাজ করেছেন। তাই এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে নানা অনিয়ম ও দখলদারিত্বের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা গিয়াস উদ্দিনের মাধ্যমে সম্ভব বলে তারা মনে করেন।
গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফতুল্লা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম খসরু, মো. মাখলেকুর রহমান মান্নান পায়েল, অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ আক্তার হোসেন, দীপ আলম দিগন্তসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। তারা সবাই একযোগে ফুটবল মার্কায় ভোট দিয়ে গিয়াস উদ্দিনকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, সাবেক সংসদ সদস্য হিসেবে গিয়াস উদ্দিনের কাজ তারা কাছ থেকে দেখেছেন। অনেকেই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, এলাকায় একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি এগিয়ে আছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই তার পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।