সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বুধবার (১৮ নভেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে ময়লা-আবর্জনা ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘসময় পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রবও বেড়েছে।
খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কারকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। একই সঙ্গে খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, আবদুল জব্বারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, খালটি পুনরায় সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি হবে।
এনায়েতনগর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আবদুল মোমিন দুই দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি। তবে মাওলানা আবদুল জব্বারের নির্দেশনায় তিনি সার্বিক কার্যক্রম তদারকি করছেন বলে জানানো হয়েছে।
খাল খনন কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না, এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলীসহ স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।