ফতুল্লায় পরিবেশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান, তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবেশ দূষণ রোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকার অভিযোগে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত একাধিক ডাইং ও প্রসেসিং কারখানায় দীর্ঘদিন ধরে পরিবেশগত নিয়ম-কানুন অমান্য করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।

অভিযানে প্রথমেই ফতুল্লা এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ ডাইং প্রসেসিং ইন্ডাস্ট্রি’তে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তাদের কোনো কার্যকর ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) নেই, যার ফলে অপরিশোধিত বর্জ্য সরাসরি পরিবেশে নিঃসৃত হচ্ছে।

এরপর ‘বিসমিল্লাহি নিট ডায়িং অ্যান্ড ফিনিশিং মিল’, বটতলা রেললাইন, ফতুল্লায় অভিযান পরিচালনা করা হয়। এখানেও একই ধরনের অনিয়ম লক্ষ্য করা যায়। পরিবেশ আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের তৃতীয় ধাপে ‘হাজী রসুল ডাইং’ নামক আরেকটি কারখানায় অভিযান চালানো হয়। এখানেও বৈধ ছাড়পত্র এবং ইটিপির অনুপস্থিতি পাওয়া যায়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত বিদ্যুৎ মিটার জব্দ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের হেফাজতে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশগত নিয়ম লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুনিম সোহানা। সার্বিকভাবে এই অভিযান সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পানি ও বায়ু দূষণের কারণে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি স্থাপন ছাড়া কোনো কারখানাকে পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকার বিভিন্ন কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছিল। প্রশাসনের এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *