ফতুল্লায় ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লার দেলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মাদক বিক্রিরত অবস্থায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জুয়েল কসাই (৪৫), পিতা: সিরাজ কসাই, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ডালিম (২৭), পিতা: উলফত হোসেন, স্থায়ী ঠিকানা জয়পুরহাট সদর উপজেলার কমল গ্রাম। তিনি বর্তমানে ফতুল্লার দেওভোগ প্রধান বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের ভূইয়া বাড়ি সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ দশমিক ০৫ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় যুবসমাজের কাছে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *