Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফেডারেশন স্থগিত, এরপরও হলো আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট - দৈনিক স্বাধীন সংবাদ

ফেডারেশন স্থগিত, এরপরও হলো আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক:

অলিম্পিকের মর্যাদাপূর্ণ ডিসিপ্লিন স্কোয়াশ বাংলাদেশে নানা সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আকস্মিকভাবে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করেছে। তবে স্থগিতাদেশের পরও ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

গত ১৯ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে স্কোয়াশ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারাকে স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশন বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরই মধ্যে আগের ২৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে বর্তমান সরকার। তবে অন্যান্য ফেডারেশনের কার্যক্রম চলমান থাকলেও স্কোয়াশ ফেডারেশনের কমিটি হঠাৎ স্থগিত করায় ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক বলেন, ২৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়েছে। স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিত করা হয়েছে এবং নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

তবে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তার বক্তব্যে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিত করা হয়েছে।

এদিকে ১৯ আগস্ট কমিটি স্থগিতের নির্দেশনা জারির পরও ২৪ থেকে ২৮ আগস্ট আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা আয়োজন করেছে ফেডারেশনটি। বিষয়টি নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনের কমিটি নিয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাখে এবং তারাই ক্রীড়াঙ্গনের মূল অভিভাবক। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন থাকায় সেটি আয়োজনের পর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনের অভিভাবক হলেও একেক ফেডারেশনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, কোনো ফেডারেশন নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে না পারলে শুধু একটি ফেডারেশনের কমিটিই কেন স্থগিত করা হলো?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। একইভাবে বোর্ডের অধীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন করেছে। তাহলে অন্যান্য ফেডারেশনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন—এ প্রশ্নও উঠেছে।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, একটি ফেডারেশনের কার্যক্রম স্থগিত থাকলে সংশ্লিষ্ট খেলাটির প্রশাসনিক ও আন্তর্জাতিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিতের সিদ্ধান্ত এবং একই সময়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *