বন্যাকবলিত মানুষের পাশে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর। নিজস্ব অর্থায়নে তিনি বন্যাদুর্গত মানুষের জন্য রান্না করা খাবার, শুকনো খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার তিনি আমিরাবাদ ইউনিয়নের হিন্দুপাড়া, পশ্চিম আমিরাবাদ, ব্যারিয়ারপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

ত্রাণ বিতরণকালে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সামান্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যতদিন প্রয়োজন, ততদিন আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *