বন্যায় নিহত নারীর কানের দুল লুটের চেষ্টা, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার অভিযান চলার মধ্যেই এক নারীর মরদেহ থেকে কানের দুল খুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবারের ভয়াবহ বন্যায় নেপালের সীমান্তবর্তী এলাকায় প্রায় পাঁচশ মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। নিখোঁজদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান।

এরই মধ্যে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কাদা, কাঠ ও বিভিন্ন আবর্জনার স্তূপে একটি নারীর মরদেহ পড়ে আছে। এ সময় দুই ব্যক্তি বাঁশের সাহায্যে মরদেহটির কাছে যান। তাদের একজন মরদেহটি টেনে ওপরে তোলার পর কানের দুল ধরে টানাটানি করতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে পুলিশের। পরে ভিডিও বিশ্লেষণ করে মদন গুরঙ্গ ও উমেশ চৌধুরী নামে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

নেপাল পুলিশ জানিয়েছে, মৃত নারীর কানের দুল চুরির চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম খবরহাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভরতপুর মেট্রোপলিটন সিটি-১-এর পোখরা বাস পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভয়াবহ বন্যার পর ওই নারীর মরদেহ ভেসে নারায়ণী নদীর ভাটি এলাকায় চলে আসে। সেখানেই মরদেহটি থেকে অলংকার নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, উদ্ধার অভিযানের সুযোগ নিয়ে লুটপাট কিংবা মরদেহের প্রতি কোনো ধরনের অসম্মান বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *