স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে নগরী ও আশপাশের এলাকায় উত্তেজনা এবং নিরাপত্তা তৎপরতা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোররাতে ছাত্রদলের নেতাকর্মীরা জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশালের দুটি মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ তাঁর ফেসবুক পেজে এ-সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেন। তাঁর দাবি, বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথকভাবে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় তাঁদের বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টিও উঠে আসে।
ভিডিও দুটির স্থায়িত্ব যথাক্রমে ৩৯ ও ৫৬ সেকেন্ড। ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি।
এদিকে, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা এড়াতে রাতভর বরিশাল নগরী ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা যায়। তাঁদের কয়েক দফা মহড়াও দিতে দেখা গেছে।
ঘটনাগুলো নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিএমপির আওতাধীন মহাসড়কের কোনো অংশে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে তাঁদের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য ছিল না।
একই রাতে বাসভবনে অগ্নিসংযোগ এবং মহাসড়কে বিক্ষোভের ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।