স্বাধীন সংবাদ বিনোদন:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে বইছে উৎসবের আমেজ। এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা হোসনে আরা রিয়া। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা ও শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি এবার সরাসরি শিল্পী সমাজের কল্যাণে কাজ করতে চান বলে জানিয়েছেন। চলচ্চিত্র ক্যারিয়ারে বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অ্যাকশন, পারিবারিক ও সামাজিক ঘরানার একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— “আম্মাজান”, “স্পর্ধা”, “বাঁধন যাবে না ছিঁড়ে”, “হীরা চুনি পান্না”, “লাল বাদশা”, “চেনাজানা শত্রু”, “তছনছ”, “হিট ম্যান”, “ডেয়ারিং”, “বাঘে বাঘে লড়াই”, “প্রেমিকা ছিনতাই”, “বাঘের থাপা”, “ইনোসেন্ট লাভ”, “ভয়ংকর বিশু” ও “দাঙ্গা দমন”। এসব সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে হোসনে আরা রিয়া বলেন,
“শিল্পীদের সুখ-দুঃখ, অধিকার ও সম্মানের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। শিল্পী সমাজের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, শিল্পীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের চলচ্চিত্র অঙ্গন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন,
“শিল্পীদের ন্যায্য অধিকার আদায়, অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো এবং একটি সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।” চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শিল্পীদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই চিত্রনায়িকা। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে শিল্পী সমাজে আলোচনা শুরু হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।