আব্দুল আজিজ আল মাক্কী:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেরানীহাটের সী ওয়ার্ল্ড বাণিজ্য মেলায় যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী দেলোয়ার ও তাঁর কোলের ছোট্ট শিশুকন্যা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ২৪ দিন আইসিইউ ও লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে মারা গেছেন দেলোয়ারের স্ত্রীও।
এর মধ্য দিয়ে একটি সাজানো সংসারের সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৩ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ার মৌলবীর দোকান এলাকার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি কেরানীহাটের সী ওয়ার্ল্ড বাণিজ্য মেলায় যাওয়ার পথে শহরমুখী দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।
ভয়াবহ এ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার ও তাঁর কোলের শিশুকন্যা। এ ঘটনায় অন্তত আটজন আহত হন। দুর্ঘটনায় দেলোয়ারের স্ত্রী গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর দীর্ঘ ২৪ দিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ রাত ৩টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে কেড়ে নিল একই পরিবারের তিনটি প্রাণ। ভেঙে চুরমার হয়ে গেল একটি সাজানো সংসার, ভবিষ্যতের স্বপ্ন আর স্বজনদের বুকভরা ভালোবাসা। যে পরিবারটি আনন্দের উদ্দেশ্যে বাণিজ্য মেলায় যাওয়ার পথে ছিল, সেই পরিবারের আর কেউই ঘরে ফিরতে পারলেন না।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই অশ্রু। পরিবারের এমন অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সড়কে বেপরোয়া যান চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি আরও জোরালো হয়েছে।