মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সদর থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোড এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলাজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাবুরাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১ নম্বর বাবুরাইল মোবারকশাহ রোডের বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়ির একটি ভাড়াটিয়া কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় মোজাম্মেল হক রাজনের হেফাজত থেকে ‘MADE IN USA’ খোদাই করা একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার রাজন ১ নম্বর বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন এলাকার বাসিন্দা সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।