নিজস্ব প্রতিনিধি: দেশের বাজারে বিক্রি হওয়া আটটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী (স্কিন) ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব ক্রিম ব্যবহার করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই জনসাধারণকে এগুলো ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার বিএসটিআই জানায়, বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ বিদেশি ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হয়নি। লাগেজ কিংবা চোরাই পথে দেশে প্রবেশ করা এসব পণ্যের মান যাচাই করা সম্ভব হয় না। এ কারণে বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা চালানো হয়।
পরীক্ষায় পাকিস্তানের চাঁদনি হোয়াটেনিং ক্রিম, নিউ ফেস বিউটি ক্রিম, নাভিয়া বিউটি ক্রিম, নাভিয়া হোয়াটেনিং ক্রিম, নুর হোয়াটেনিং ক্রিম, ডিউ বিউটি ক্রিম, গৌরি বিউটি ক্রিম এবং চীনের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় মার্কারির উপস্থিতি পাওয়া গেছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঝুঁকিপূর্ণ এসব প্রসাধনী ব্যবহার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।