ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, বাসচালকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় অজ্ঞাতনামা চালককে আসামি করে মামলাটি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রহমতপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহনের বাসটি ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে জামালপুরের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের সবাই জামালপুর জেলার বাসিন্দা। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনান।

নিহত অপর তিনজন হলেন বীর গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক মো. সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।

কোতোয়ালি মডেল থানার এসআই রিপন সরকার জানান, শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে পৃথক জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় অভিযোগ করা হয়। দড়িহামিদপুর গ্রামের মোবারক আলী বাদী হয়ে অভিযোগটি করেন। পরে রাত ১২টার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায় রাজীব পরিবহনের বাসটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও সহযোগীরা পালিয়ে যান। তাদের শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজনের মৃত্যুর ঘটনায় জামালপুরে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজধারী এলাকায় স্থানীয় বাসিন্দারা গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনায় জড়ায়। এর আগে সড়কে ধারাবাহিক মৃত্যুর ঘটনায় সেপ্টেম্বরের শুরুতে সাধারণ শিক্ষার্থীরা রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *