মহান বিজয় দিবসে আরেকটি বিজয়ের দক্ষতা অর্জন করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চমৎকার জয় অর্জন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দল।

গত ১৭-১২-২৫ রোজ বুধবার নারায়ণগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বনাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দল ৮ উইকেটে জয়লাভ করে বিজয়ের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে বিজয় ট্রফি তুলে দেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে এই বিজয়ের মাসে এমন আয়োজন আমাদের সকলকে আনন্দিত করে। এ ধরনের খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করে।”

তিনি আরও বলেন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

খেলা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অংশগ্রহণকারী ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিজয় ট্রফিটি সিটি কর্পোরেশনের সুযোগ্য ও জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এর হাতে তুলে দেন। ট্রফি গ্রহণকালে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কর্মকর্তাদের খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণে উৎসাহিত করেন।

ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,
“কর্মব্যস্ততার মাঝেও খেলাধুলা আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে। আজকের এই বিজয় আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিজয়ী দলের সকল খেলোয়াড় ও আয়োজকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মহান বিজয় দিবসের মাসে এই ক্রীড়া আয়োজন এক অনন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *