মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১ মে বিকাল ৪ ঘটিকায় জজকোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান। সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাস্টার ফজলুল হক, শ্রী সুকুমার চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, কৃষক নেতা মাস্টার আব্দুল জব্বার, শ্রী নিতাই চক্রবর্তী, কল্পনা ব্যানার্জী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস, সমকাজে নারী-পুরুষের সমমজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি হ্রাস, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সাতক্ষীরা টেক্সটাইল মিল পুনরায় চালুকরণ, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য, বাজার সিন্ডিকেট দমন এবং যানজট নিরসনে সাতক্ষীরার প্রধান সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *