নিজস্ব প্রতিবেদক
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। পরে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রীতালিকা অনুযায়ী, নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড (এসকেবি ইনফ্রাকন পিভিটি লিমিটেড)। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার কারণে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।