মোঃ আনজার শাহ
মেধা, সাফল্য ও মানবিকতার সম্মিলনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে উত্তর বরুড়া সমিতির ‘সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান–২০২৬’। সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননার পাশাপাশি বিসিএসে সফল হয়ে বিভিন্ন ক্যাডারে নিযুক্ত কৃতী সন্তানদের এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের পঞ্চম তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উত্তর বরুড়া সমিতির সাধারণ সম্পাদক এ বি এম শাহ আলম দুলালের সভাপতিত্বে এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়েদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বরুড়াবাসী, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা বসে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলম; প্রকৌশলী আবদুল কাদের; চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ইকবাল হোসেন; একেএইচ গ্রুপের পরিচালক ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মো. আনিসুর রহমান; ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান; সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেম; বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ এবং বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুজ্জামান জনি; বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মো. আমির হোসেন ও আজীবন সদস্য মো. মিজানুর রহমান; বরুড়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল মোল্লা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মহিন উদ্দিন সাকিব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তথাপী সাহা প্রাপ্তি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও রাজামারা গ্রামের কৃতী সন্তান দানিয়েল সারওয়ার ভুইয়া। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থী ও নবনিযুক্ত কর্মকর্তাদের সংবর্ধনা। প্রশাসন, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন ক্যাডারে নিযুক্ত তরুণদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ আর্থিক অনুদান।
সামাজিক ও মানবিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান জুড়ে বরুড়ার মেধাবী সন্তানদের সাফল্য, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নিজ জনপদের মেধাবী সন্তানদের পাশে দাঁড়ানো প্রবাসী বরুড়াবাসীর দায়িত্ব ও গর্বের বিষয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে, শিক্ষায় এগিয়ে যেতে এবং দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।