অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হোসেনকে ক্রেস্ট দিলেন অতিরিক্ত সচিব শাহ আলম

 

মোঃ আনজার শাহ

মাটির টানে, শিকড়ের ডাকে রাজধানীতে একত্র হয়েছিলেন বরুড়ার কৃতী সন্তানেরা। ঢাকাস্থ উত্তর বরুড়া সমিতির উদ্যোগে আয়োজিত কৃতী ও গুণীজনদের সংবর্ধনা, সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। তাঁর সঙ্গে ক্রেস্ট তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শাহ আলম নিজেও বরুড়ার কৃতী সন্তান হিসেবে উপস্থিত ছিলেন।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ
সম্মাননা গ্রহণের পর বক্তব্যে আবুল হোসেন বলেন, যত দিন তিনি বেঁচে আছেন, তত দিন মাদক, ইয়াবা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে যাবেন। এটি তাঁর শপথ। নিজ গ্রামের স্মৃতিচারণা করে তিনি জানান, একসময় তাঁর গ্রাম আদর্শ গ্রাম হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত ১৭ বছর যাঁরা শাসনক্ষমতায় ছিলেন, তাঁরা সেই পরিচয় ধরে রাখতে দেননি বলে অভিযোগ করেন তিনি। ঈদের সময় গ্রামের ঈদগাহ মাঠে মাদকবিরোধী কথা বলতে গেলে অনেকে তাঁকে থামিয়ে দিতে চেয়েছেন বলেও জানান।
শিক্ষার আলো ছড়ানোর প্রয়াস
আবুল হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার পর তিনি গ্রামে ‘ছাত্র ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এর মাধ্যমে প্রতিবছর বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়। আপাতত আশপাশের কয়েকটি গ্রামে কার্যক্রম সীমিত থাকলেও ভবিষ্যতে পরিসর বাড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর।

বরুড়ার বিভিন্ন সমিতির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, সবার লক্ষ্য একটাই: শিক্ষা, জনস্বাস্থ্য ও উন্নয়ন। শিক্ষায় এগিয়ে থাকলেই উন্নত দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বর্তমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর প্রসঙ্গ টেনে আবুল হোসেন বলেন, বরুড়ার একজন সন্তান মন্ত্রী হওয়ায় মাঠপর্যায়ের কাজে বিভিন্ন জায়গায় তিনি এখন গর্ব করে নিজের পরিচয় দিতে পারেন।

সাতক্ষীরায় ফেরার তাড়া থাকায় বক্তব্য সংক্ষিপ্ত রাখেন তিনি। জানান, ফেরার পথে গোপালগঞ্জ অতিক্রম করতে হবে এবং সেখানকার পরিস্থিতির কারণে দ্রুত রওনা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *