ম্যাসাচুসেটসে বিরল কচ্ছপছানা, দুই মাথা নিয়ে চলছে চিকিৎসা পর্যবেক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুই মাথাওয়ালা একটি বিরল কচ্ছপছানার সন্ধান পাওয়া গেছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপটির জন্মগত শারীরিক অস্বাভাবিকতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে। বর্তমানে কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।

ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে অবস্থিত কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে কচ্ছপছানাটির বিষয়ে তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্থানীয় বন্য প্রাণী সংরক্ষণাগার মাস অডুবন ওয়েলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারির কর্মকর্তারা কচ্ছপছানাটিকে তাদের কাছে নিয়ে আসেন। ওয়েলফ্লিটের একটি সুরক্ষিত প্রজননক্ষেত্র থেকে এটিকে উদ্ধার করা হয়।

বন্য প্রাণী কেন্দ্রের কর্মকর্তারা জানান, কচ্ছপটির দুটি মাথা থাকার কারণ হিসেবে ‘বাইসেফালি’ নামের একটি বিরল জন্মগত অবস্থাকে চিহ্নিত করা হয়েছে। ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ে অভিন্ন যমজ সম্পূর্ণভাবে আলাদা না হলে এ ধরনের শারীরিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

কচ্ছপছানাটির শারীরিক অবস্থা নির্ধারণে বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের একটি দল কাজ করছে। রেডিওগ্রাফি ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কচ্ছপটির শারীরিক গঠন, দুটি মাথার কার্যকারিতা এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ বছরে তারা এ ধরনের মাত্র দুটি কচ্ছপ দেখেছেন। ফলে বিরল এই কচ্ছপছানার শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে নতুন তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে কচ্ছপছানাটির খাবারের প্রতি আগ্রহ, বেড়ে ওঠা ও আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এটি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, দুই মাথাবিশিষ্ট প্রাণীর বেঁচে থাকা ও স্বাভাবিক বিকাশ অনেকটাই নির্ভর করে তাদের অভ্যন্তরীণ শারীরিক গঠন, অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা এবং দুটি মাথার সমন্বয়ের ওপর। তাই কচ্ছপছানাটির ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ ও চিকিৎসা পরীক্ষার প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *