বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাদিম চৌধুরী। এ সময় তিনি বলেন,
“দেশমাতা বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আজ আমরা তাঁর আত্মার শান্তি কামনায় একত্রিত হয়েছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করেই আগামীর আন্দোলন এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ—এর সম্পাদক ও প্রকাশক জনাব আনোয়ার হোসেন আকাশ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন করেন।