স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ীতে শাহজালাল (৩৬) নামের এক ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ উঠেছে রমিজ (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে। একইসঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ কাউসার আহমেদ পনির ও তার সহযোগীদের বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ৮ অক্টোবর ২০২৬ তারিখে যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রমিজ যাত্রাবাড়ী মাছের আড়তে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন। অভিযোগকারী মোঃ কাউসার আহমেদ পনিরের দাবি, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রমিজসহ অজ্ঞাত ১০-১২ জন মিলে শাহজালাল নামের এক ব্যক্তিকে যাত্রাবাড়ীর দয়াল ভরসা মৎস্য আড়ৎ সংলগ্ন সাদেক ভিলার চতুর্থ তলায় আটক করে রেখেছেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে কাউসার আহমেদ পনির ও তার সহযোগীরা সেখানে গিয়ে শাহজালালকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তাদের নানাভাবে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে কাউসার আহমেদ পনির আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে আশপাশের লোকজন ও তার অফিসের সঙ্গে আলোচনা করার পর থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। পরে তিনি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে অভিযুক্ত রমিজের ঠিকানা হিসেবে দয়াল ভরসা মৎস্য আড়ৎ সংলগ্ন সাদেক ভিলা, যাত্রাবাড়ী, ঢাকা উল্লেখ করা হয়েছে। তার মোবাইল নম্বরও অভিযোগে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারী মোঃ কাউসার আহমেদ পনির।