যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক, অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তার কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার উসকানিমূলক তথ্যসংবলিত একটি ইশতেহার উদ্ধারের কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

শারদীয় দুর্গোৎসব শুরুর ঠিক আগে এ গ্রেপ্তারের ঘটনা সামনে আসে। এর প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসে শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কোর্টে পাপোরাকিসকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্যালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিস স্থানীয় একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন—এমন তথ্য এক ব্যক্তি পুলিশকে জানানোর পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তিকে একটি নথি পাঠিয়েছিলেন। এতে বড় ধরনের হামলার পরিকল্পনার পাশাপাশি একটি রাইফেল, রাইফেলের ম্যাগাজিন, বডি আর্মার ও বিভিন্ন কৌশলগত সরঞ্জামের ছবি ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস।

তদন্তকারীরা আরও জানান, অভিযুক্ত তার রেস্তোরাঁর সহকর্মীদের কাছে রোববারকে একটি ‘বিশেষ দিন’ হিসেবে উল্লেখ করেছিলেন। ঘটনার দিন সকালে তিনি এক সহকর্মীকে ফোন করে জানান, তার বন্দুকের একটি যন্ত্রাংশ আটকে গেছে। এরপর তিনি দ্রুত সেখান থেকে চলে যান বলে তদন্তে উঠে এসেছে।

প্যালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড বলেন, এই হুমকির ভয়াবহতাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

পুলিশের তথ্য অনুযায়ী, প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্ট পুলিশের যৌথ অভিযানে গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে আটক করা হয়।

পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, বেশ কয়েকটি ম্যাগাজিন, শত শত রাউন্ড গুলি, কৌশলগত সরঞ্জাম এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া একটি ট্যাকটিক্যাল ভেস্টে বডি আর্মার এবং শ্বেতাঙ্গ উগ্রবাদী মতাদর্শের প্রতীকসংবলিত একটি লোগো পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *