কামরুল ইসলাম:
রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ২০ মিনিটে থানাধীন ৮নং কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর এলাকার নন্না গাজী বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আসামি রুবেল (পিতা: মো. চাঁদ মিয়া ওরফে চান্দু মিয়া) পুলিশের উপস্থিতি টের পেয়ে তার একতলা বিশিষ্ট বসতঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালিয়ে উত্তর-পূর্ব কোণের একটি কক্ষসংলগ্ন বাথরুমের সিলিংয়ের ওপর রাখা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে রাউজান থানায় মামলা নং-১০, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি., ধারা ১৯এ/১৯(এফ) The Arms Act, 1878 মোতাবেক মামলা রুজু করেন।
উল্লেখ্য, পলাতক আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৬ ধারাসহ মোট ৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।