Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ চাঁপাইনবাবগঞ্জ, বাসাবাড়িতে ঢুকেছে পানি - দৈনিক স্বাধীন সংবাদ

রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ চাঁপাইনবাবগঞ্জ, বাসাবাড়িতে ঢুকেছে পানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি, সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসসহ বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটুসমান পানি জমেছে সড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মধ্যরাতের পর তা মুষলধারে রূপ নেয়। টানা বৃষ্টিতে পৌরসভার আরামবাগ, শান্তির মোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট, উদয়ন মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি জমে যায়।

জলাবদ্ধতার কারণে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাড়ির সামনে পানি জমে যাওয়ায় অনেকেই কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও রান্নাঘর ও টিউবওয়েলের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন ছাত্রাবাসেও পানি ঢুকে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নালা-নর্দমা ব্যবস্থা না থাকা, বিদ্যমান ড্রেনগুলোর অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

আরামবাগ এলাকার বাসিন্দা সাফি বলেন, ‘এর আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি ওঠেনি। এবার বৃষ্টিতে ঘরের ভেতর পানি ঢুকে গেছে। ফলে আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছি। পৌরসভা কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানাই।’

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘মেসে বৃষ্টির পানি ঢুকে বই-খাতা সব ভিজে গেছে। ঘর থেকে পানি বের করতে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, ‘রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। এ কারণে পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে বৃষ্টির পানি নেমে যাবে। ড্রেনের আউটলেটে যে পাইপ রয়েছে, সেগুলো দিয়ে পানি নিষ্কাশনে কিছুটা সময় লাগবে।’

আশিক আলী/আরকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *