আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার (৪ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারির পর গোষ্ঠীটি এ দাবি করে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হামলার ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বুধবার ভোরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদ প্রদেশে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দেশনা জারি করা হয়েছে। তবে কিছু সময় পরই সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।
রিয়াদের প্রধান বিমানবন্দরটি এর আগেও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরের শুরুতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর নিরাপত্তার কারণে প্রায় দুই সপ্তাহ ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ। অক্টোবরের শেষ দিকে বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ২০টির বেশি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হুথিরা। দীর্ঘ মধ্যস্থতার পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে উত্তেজনা বেড়েছে।
লোহিত সাগর ও হরমুজ প্রণালির নৌপথে বাধা সৃষ্টি এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায় হামলার মাধ্যমে রিয়াদ ও তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ তৈরির চেষ্টা করছে হুথিরা বলে প্রতিবেদনে বলা হয়েছে।