রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

খুলনার রূপসা উপজেলায় মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পী রূপসা উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বাপ্পীকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে স্থানীয়রা বিলের একটি মাছের ঘেরের পানিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বাপ্পীর ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী জানান, বাপ্পী আগে মাছের ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা ছিল। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বাপ্পীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *