লামায় বালু উত্তোলনের প্রতিবাদ, সাংবাদিকসহ চারজনকে হত্যার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও এ বিষয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় বাসিন্দা ও এক সাংবাদিককে মারধর এবং হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৫ অক্টোবর রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা লামা থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন ৬ অক্টোবর সাংবাদিক মো. আলী হোসেন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৮) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্রের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়, ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার মোড়ে স্থানীয় বাসিন্দা নুরুল আলম (২৮), মো. উজ্জ্বল (২৭), মো. সাইফুল (১৯) ও শাহাদাত হোসেন বাবু (২৭) বালু উত্তোলনের প্রতিবাদ করেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে বাধা দিলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই দিন রাত ১০টার দিকে একই চক্র নুরুল আলমের বাড়িতেও হামলা চালায়। পরে ভুক্তভোগীরা লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের তথ্য ও ছবি সংগ্রহ করে ‘যুগ যুগান্তর’ পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো. আলী হোসেনকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৫ অক্টোবর রাত ৯টার দিকে সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি সড়কের মোড়ে তার পথরোধ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক আলী হোসেনের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সাংবাদিকতা ও সংবাদ প্রকাশ বন্ধ না করলে একা পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ৬ অক্টোবর লামা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

লামা থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরই পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলন এবং সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *