শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিশুদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা করলেই চলবে না। শিশু-কিশোরদের খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায়ও দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বে এগিয়ে যেতে হলে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ ডাক্তার, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। তবে পেশাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ থাকতে হবে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পারো, ইউ ক্যান ডু ইট।’ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের পরিবেশনা প্রমাণ করেছে, শিশুরা চাইলে একাধিক ক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী জুনে এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের ৫০০টির বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের শিশুরা অনলাইনে এ প্রতিযোগিতায় যুক্ত রয়েছে। শিশুদের মধ্যে প্রতিভার অভাব নেই; তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে শিশুরা পড়ালেখার পাশাপাশি নির্বিঘ্নে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। এ জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেকে একটি ভাষা বেছে নিতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পড়ালেখা, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষতার পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শিখতে পারলে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। একদিন বাংলাদেশ বিশ্বের কাছে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশের উদাহরণ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বিকেল পৌনে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের পরিবেশিত ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও উপভোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *