Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনজিনা পারভীন চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে ঢাকায় আসেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান রনজিনা পারভীন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *