সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে এগিয়ে এলেই মাদক নির্মূল সম্ভব: ইউএনও রনি

মো: আনজার শাহ:

মাদকের কালো থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সমাজকে সুস্থ রাখার দৃপ্ত শপথ নিয়ে কুমিল্লার বরুড়ার জয়কামতায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মতবিনিময় সভা ও শোভাযাত্রা। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ১০ নম্বর শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়কামতা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি বলেন, মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে; জনগণের ঐক্যই মাদকবিরোধী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা একটি পরিবার, সমাজ এমনকি একটি জাতির ভবিষ্যৎকে ধীরে ধীরে গ্রাস করে। তাঁরা মনে করেন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদক নির্মূল সম্ভব।
বক্তারা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা মাদকমুক্ত সমাজ গড়ি, সুখে-শান্তিতে বসবাস করি।” তাঁরা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে এবং পরিবার-সমাজকে সচেতন ভূমিকা নিতে বলেন।

ইউএনও আসাদুজ্জামান রনি আগেও বরুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন। সম্প্রতি মুগুজী এলাকায় ভ্রাম্যমান আদালতে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি তখন বলেছিলেন, বরুড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জয়কামতার সভায়ও প্রশাসন, পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাদেরুজ্জামান খন্দকার এবং বরুড়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর ছিম্পু বড়ুয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, উপজেলা যুবদলের নেতা সুমন আহমেদ এবং কুমিল্লা মহানগর শ্রমিক দলের কার্যকরী সভাপতি কামরুল হাসান টিপু।

সভা শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, যুবক ও সাধারণ মানুষ।
আয়োজনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, মাদকবিরোধী এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে সচেতন করবে এবং সমাজে মাদকবিরোধী মনোভাব আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *