মোঃ বাদশা মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছর ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরাইল থানা পুলিশের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের মৃত ফরিদ খাদেমের ছেলে মোরশেদ খাদেম। তিনি সিআর-৮৯/১৩ নম্বর মামলায় (পেনাল কোডের ৪২০ ধারা) তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ এক দশক ধরে তিনি পলাতক ছিলেন। এসআই (নিরস্ত্র) আমান উল্লাহের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া পৃথক মামলায় গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন— কালিকচ্ছ (বর্ডার বাজার) এলাকার মৃত তাহের মিয়ার ছেলে হোসেন মিয়া (৪০), কালিকচ্ছ মনি রবাগ এলাকার মিলন মিয়ার ছেলে হেলাল মিয়া (৩২) এবং পশ্চিম কুট্টাপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাসেল মিয়া।
পুলিশ জানায়, হোসেন মিয়া ও হেলাল মিয়াকে এসআই (নিরস্ত্র) ইউনুছ মিয়া এবং রাসেল মিয়াকে এসআই (নিরস্ত্র) আমান উল্লাহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
সরাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া চারজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।