আব্দুল আজিজ আল মাক্কী:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল্লা সালমান। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইনমূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন, সময়ের যথাযথ ব্যবহার, আত্মউন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের যাতায়াতব্যবস্থা ও আবাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের যাতায়াত সুবিধা বাড়াতে একটি বাস এবং আবাসন সমস্যার সমাধানে একটি আবাসিক হোস্টেল প্রতিষ্ঠার দাবি প্রধান অতিথির কাছে উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মো. অলিউল্লাহ রাহাত।