সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক  :

সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ রুপি কমিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ।

পেট্রোলিয়াম বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে পাকিস্তানের সর্বত্র গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ৪০৯ দশমিক ৭৮ রুপিতে এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে বিক্রি হবে।

এই বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, পাকিস্তানে খুচরা পর্যায়ে যে দামে পেট্রোলি-ডিজেল বিক্রি হয়ে আসছিল, তার তুলনায় উভয় জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা হ্রাস করেছে সরকার। আজ ১৬ মে থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দু’সপ্তাহ আগেই অবশ্য সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল দাম (প্রতি লিটারে) ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলের দাম (প্রতি লিটারে) ১৫ রুপি বাড়িয়েছিল পাকিস্তান। সেই বর্ধিত দাম থেকেই ৫ রুপি কমানো হলো এবার।

জ্বালানি তেলের দাম নির্ধারণে পাকিস্তান সবসময় আন্তর্জাতিক বাজার মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। আগে ১৫ দিন পর পর বাজার বিশ্লেষণ করা হতো, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করছে পাকিস্তানের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *