সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ার পর দলীয় সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল করা হয়।
রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী। তিনি জানান, সংগঠনের রীতিনীতি ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, রুকনিয়াত বাতিলের ফলে মনিরুল ইসলাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।
তবে মনিরুল ইসলাম দাবি করেছেন, তাকে ফাঁসানো হয়েছে। মুঠোফোনে তিনি সদস্যপদ বাতিলের বিষয়টি জানতে পেরেছেন বলে জানান। এ বিষয়ে দল থেকে তাকে এখনো কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।