অনলাইন ডেস্ক:
সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাফ্যাক্ট তাদের পেজে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে। তাদের অনুসন্ধান অনুযায়ী, স্টিভেন পাওলস এর আগে সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় সংঘটিত হত্যা, ধর্ষণ, শিশুসৈন্য নিয়োগ এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করেছেন।
তাদের মধ্যে রয়েছেন মোয়নিনা ফোফানা ও মরিস ক্যালন। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফোফানাকে ১৫ বছর এবং ক্যালনকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, সিয়েরা লিওনের গৃহযুদ্ধ চলাকালে সরকারপন্থি আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক ছিলেন মোয়নিনা ফোফানা। তার বিরুদ্ধে হত্যা, নিষ্ঠুর আচরণ, সম্পত্তি লুণ্ঠনসহ বিভিন্ন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা এবং প্ররোচনার অভিযোগ আনা হয়। এ মামলায় স্টিভেন পাওলস তার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী ছিলেন।
২০০৭ সালে বিচারিক আদালত ফোফানাকে ছয় বছরের কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে ২০০৮ সালে আপিল বিভাগ তার সাজা বাড়িয়ে ১৫ বছর করেন।
অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন মরিস ক্যালন। বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, শিশুসৈন্য নিয়োগ এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ ১৮টি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত মামলার বিচার-পূর্ববর্তী পর্যায়ে ক্যালনের প্রতিরক্ষা দলের অন্যতম প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পাওলস।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে আদালত ক্যালনকে ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে দোষী সাব্যস্ত করেন। একই বছরের এপ্রিলে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আপিল বিভাগও সেই সাজা বহাল রাখেন।
এ ছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন স্টিভেন পাওলস। তবে আদালতের বিধিগত কারণে তার আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাননি তিনি। পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, স্টিভেন পাওলসের পেশাগত প্রোফাইলেও বর্তমানে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ রয়েছে।