বিনোদন ডেস্ক:
দীর্ঘ ৯ মাস পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শনিবার (৩ অক্টোবর) লাইভে এসে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কথা বলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর চিকিৎসা চলছিল তাঁর। গত ৯ মার্চ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান অভিনেত্রী। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করা হয়।
ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি ভালো আছি। আপনারা কেমন আছেন। আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো আছি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন।’
নিজের ওজন বেড়ে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুটি অস্ত্রোপচারের কারণে তাঁর ওজন বেড়েছে, যা স্বাভাবিক বিষয়।
লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি। তাঁর শারীরিক অবস্থা, বিয়ে, অভিনয়ে ফেরাসহ নানা বিষয়ে জানতে চান ভক্তরা।
চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, এখনো তাঁর কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, তিনি আবার নাটকে অভিনয় করতে চান। চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে এবং এ বিষয়ে কথাবার্তাও চলছে।
নিজের কঠিন সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমি হয়তো নাও ফিরতে পারতাম, আমার এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় দর্শকদের ভালোবাসার কথাও স্মরণ করেন তানিয়া। তিনি বলেন, অনেকেই তাঁকে নাটকে ফিরতে দেখতে চান এবং কঠিন সময়ে তারা তাঁর পাশে ছিলেন। দর্শকের ভালোবাসা ও নিজের অভিনয়ের প্রতি টান থেকেই তিনি আবার কাজে ফিরতে চান।
তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি অভিনয় করব। কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’