চকরিয়ায় নব প্রজন্ম নূরানী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

শিশুদের চোখে আগামীর স্বপ্ন, হাতে কলম আর মনে বড় হওয়ার প্রত্যয়। কেউ এসেছে প্রত্যন্ত গ্রামের মাদরাসা থেকে, কেউবা শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। সবার লক্ষ্য মেধার স্বাক্ষর রেখে বৃত্তি অর্জন। এমনই স্বপ্ন ও সম্ভাবনার মিলনমেলায় পরিণত হয়েছে ‘চকরিয়া নব প্রজন্ম নূরানী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’।

কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত এ পরীক্ষায় চকরিয়া-মাতামুহুরী অঞ্চলের ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৪১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। শিশুদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার প্রতি ভালোবাসা বাড়ানোর প্রত্যয়ে এ আয়োজন করে চকরিয়া নব প্রজন্ম সোসাইটি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। চকরিয়া গ্রামার স্কুল ও চিরিঙ্গা এমদাদুল উলুম মাদরাসা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন চকরিয়া নব প্রজন্ম সোসাইটির চেয়ারম্যান মাওলানা ঈসা, বহদ্দারকাটা মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন, বালাগুল মুবিন মাদরাসার মুহতামিম মুফতি এনামুল হক এবং ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান।

এ ছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া নব প্রজন্ম সোসাইটির আহ্বায়ক মাওলানা মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবউল্লাহ মিছবাহ। মিডিয়া সমন্বয়ের দায়িত্বে ছিলেন জাহেদ বিন শহিদ।

আয়োজকদের মতে, একটি শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়ার চেয়েও বড় অর্জন হলো তার মনে জ্ঞানার্জনের আগ্রহ ও স্বপ্নের বীজ বপন করা। আজকের এসব ক্ষুদে শিক্ষার্থীর মধ্য থেকেই আগামী দিনে গড়ে উঠবে আলোকিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও যেন নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই এ আয়োজন।

শুধু একটি বৃত্তি পরীক্ষা নয়, বরং শিশুদের মেধা অন্বেষণ, আত্মবিশ্বাস তৈরি এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি সম্মিলিত প্রয়াস হিসেবে এ আয়োজনকে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এমন উদ্যোগের ধারাবাহিকতায় চকরিয়া-মাতামুহুরী অঞ্চলে নূরানী শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *