স্টাফ রিপোর্টার:
মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতা বাড়াতে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামায়ে দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন প্রিন্সিপাল, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মাসুকুল আলম সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক বাইজিদ আলম চৌধুরী, গোলাম জাকারিয়া, আবুল হাসেম ও নিজাম বিএসসি, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ওসি আব্দুল হালিম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।