স্বাধীন বিনোদন ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার জীবনের কঠিন ও আলোঝলমলে মুহূর্তগুলো শেয়ার করেছেন। ২০২৫ সালকে তিনি একইসঙ্গে ‘সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ভালো সময়’ হিসেবে উল্লেখ করেছেন, যা তার জীবনের মানসিক উত্থান-পতনের স্পষ্ট প্রতিফলন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই পোস্টে হানিয়া মোট ২০টি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে রয়েছে শুটিং সেটের নানা মুহূর্ত, বন্ধুদের সঙ্গে কাটানো সময় এবং ব্যক্তিগত জীবনের কিছু স্মরণীয় দৃশ্য। দীর্ঘ ক্যাপশনে তিনি গত বছরের আতঙ্ক, শোক, আত্মসংগ্রাম এবং ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পোস্টে অভিনেত্রী জানান, একসময় তিনি বিশ্বাস করতেন যে যেকোনো দুঃখ এড়িয়ে চলার মতো মানসিক শক্তি তার রয়েছে। তবে জীবন তাকে বুঝিয়েছে, আত্মবিশ্বাস আসলে কতটা ভঙ্গুর হতে পারে। এই উপলব্ধি তাকে বদলে দিয়েছে এবং নিজের ভেতরের অনুভূতিগুলো নতুন করে চিনতে শিখিয়েছে।
হানিয়া লেখেন, একজন মানুষ ক্যামেরার সামনে হাসিখুশি থাকতে পারেন, ফুল হাতে পোজ দিতে পারেন, অথচ ভেতরে ভেতরে আতঙ্কে শ্বাস নিতে কষ্ট হয়—যা আশপাশের কেউ বুঝতে পারে না। তার মতে, অনেক সময় শক্ত থাকার মানে হলো কঠিন পরিস্থিতিতেও নিজেকে ধরে রাখা।
তিনি আরও জানান, ২০২৫ সালে তার অনেক রাত কেটেছে মানসিকভাবে ক্লান্ত ও নিঃসঙ্গতায় ভরা সময়ের মধ্য দিয়ে। তবে একই সঙ্গে বছরটি তাকে দিয়েছে অপ্রত্যাশিত সমর্থন, ভালোবাসা ও পরিপূর্ণতার অনুভূতি। কিছু কাজ এসেছে যেগুলোর জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, যা উপহারের মতো মনে হয়েছে।
পোস্টের শেষাংশে হানিয়া আমির ২০২৫ সালকে ধৈর্য ও পরীক্ষার বছর হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই সময়ে তিনি হেসেছেন, কেঁদেছেন, টিকে থেকেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছেন। উল্লেখ্য, এমন সময়েই তিনি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটক সিরিজে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন বিলাল আব্বাস খান।